সতীর্থ দানিয়েলে রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালে নিজের বাসায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানায় ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাস।
গত সোমবার ইন্টার মিলানের বিপক্ষে ইতালিয়ান ডার্বিতে স্কোয়াডে থাকলেও দলে জায়গা পাননি রুগানি। তবে দলের ২-০ ব্যবধানের জয়ে উদ্যাপনটা করেছিলেন একই সঙ্গে। গতকাল মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ইতালিয়ান এই ডিফেন্ডার। তবে এখনো পর্যন্ত কোনো উপসর্গ দেখা যায়নি তার ভেতরে বলে জানা যায়।
রুগানির করোনা ভাইরাসে আক্রান্ত হবার কারণে ক্লাবের সতীর্থদেরও নিয়ম মেনে আলাদা করে কোয়ারেন্টাইনে রেখেছে বলে জানিয়েছে ক্লাবটি। এদিকে মেডিক্যাল রিপোর্ট ঘোষিত হওয়ার সময়ে রোনালদো ছিলেন নিজের পর্তুগালের বাড়িতে। রুগানির করোনা আক্রান্ত হবার কারণে নিজেকে কোয়ারেন্টাইনে আবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো, এমনটাই জানিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যম ডেইলি মেইল।
চীনের পর ইতালিতেই ভাইরাসটির সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। যার ফলে আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে সব ধরনের খেলা স্থগিত করা হয়েছে। জুভেন্তাসের হয়ে চলতি ২০১৯-২০ মৌসুমে রুগানি সাতটি ম্যাচে খেলেছেন। দলটির হয়ে সিরি’আয় চারটি শিরোপা তিনি জিতেন।
