সাভারে অবৈধভাবে সিলিন্ডার গ্যাসে বেলুন ফুলানোর সময় বিস্ফোরণে এক নারীর শরীর ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভার পৌরসভার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ওই নারীর নাম মিনারা বেগম (৪০)। তিনি ওই এলাকার আবুল বাশারের স্ত্রী।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুকিপূর্ণভাবে নিজ বাড়িতে ওই নারী ও তার ছেলে সুমন সিলিন্ডার গ্যাসে বেলুন ফুলিয়ে বিক্রি করে আসছিলো। সকালে ওই নারী বেলুন তৈরির সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হলে তার শরীর আগুনে ঝলসে গিয়ে আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই নারীর শরীরের বিভিন্নস্থানে আগুনে ঝলসে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
