ফ্রান্সের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ক্লেহমো ফেঁরোতে অনুষ্ঠিত এ উত্সবে প্রতি বছর সারা বিশ্ব থেকে গড়ে দেড় লাখেরও বেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের আগমন ঘটে। লোকসমাগমের এ হিসেবে বিশ্বখ্যাত কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর ফ্রান্সের সবচেয়ে বড় উত্সব ধরা হয় একে। উত্সবের ৪১তম এবার প্রতিযোগিতা করতে যাচ্ছে অং রাখাইন নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’। এর আগে চলতি বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো চলচ্চিত্র উত্সবের ওপেন ডোরস বিভাগে দ্য লাস্ট পোস্ট অফিসের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এ বছর ক্লেহমো ফেঁরোতে জমা পড়া ৯ হাজার ২৩৮টি ছবির মধ্য থেকে ৭৬টি এ উত্সবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। ফ্রান্সের ক্লেহমো ফেঁরো শহরে উত্সব চলবে ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘দ্য লাস্ট পোস্ট’ অফিসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ।
