করোনা ভাইরাসের প্রভাব এবার পড়ল বিচার বিভাগে। যার ফলে রবিবার থেকে প্রকাশিত হচ্ছে না হাইকোর্ট বিভাগের মামলার দৈনন্দিন কার্যতালিকা (কজ-লিস্ট)। কজ-লিস্ট ছাপানোর অন্যতম উপাদান পি.এস প্লেট আসে চীন থেকে। করোনা ভাইরাসের প্রভাবে এখন চীন থেকে ঐ প্লেট আমদানি করা যাচ্ছে না। ফলে ছাপানো যাচ্ছে না কজ-লিস্ট। কবেনাগাদ চীন থেকে ঐ প্লেট আমদানি করা সম্ভব হবে সেটাও নিশ্চিত করে বলতে পারেনি আমদানিকারকরা। এ অবস্থায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত অনলাইন কজ-লিস্ট ব্যবহার করার জন্য বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ মার্চ ঢাকার তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের উপপরিচালক সুপ্রিম কোর্ট প্রশাসনকে একটি চিঠি দেন। ঐ চিঠিতে বলা হয়েছে, কজ-লিস্ট প্রকাশের অন্যতম উপাদান পি.এস প্লেট শেষ হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের কারণে আমদানিকারকগণ চীন থেকে পি.এস প্লেট আমদানি করতে পারছেন না। এ অবস্থার অবসান হতে কত দিন সময় লাগবে তা অনুমান করা যাচ্ছে না। পি.এস প্লেট সরবরাহ না হলে কজ-লিস্ট মুদ্রণ কার্য চালিয়ে নেওয়া সম্ভব হবে না।
