২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। ক্রাইম ড্রামা ধাঁচের সিনেমাটিতে একজন দুঃসাহসী সত্ নারী পুলিশ কর্মকর্তা আভা মাথুর-এর চরিত্রে অভিনয় করেছিলেন সাবেক বিশ্বসুন্দরী এই অভিনেত্রী। ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কাকে এরপর আর কোনো নতুন হিন্দি সিনেমায় দেখা যায়নি। ২০০০ সালে মিসওয়ার্ল্ড শিরোপা জয়ের পর একই বছরেই বলিউডে তার অভিষেক হয়েছিল অভিনেত্রী হিসেবে। বিশ্বসুন্দরীদের বলিউডে নায়িকারূপে আবির্ভাবের ব্যাপারটি আরও আগে থেকেই শুরু হয়েছিল। প্রিয়াঙ্কার শুরুটা তেমন ভালো না হলেও অল্পদিনেই নিজেকে একজন চাহিদাসম্পন্ন তারকারূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এরপর তরতর করে এগিয়েছে তার ক্যারিয়ার। তার মতো গ্ল্যামারাস নায়িকাকে বলিউডের মূল ধারার সিনেমার জনপ্রিয় তারকা হিসেবে গণ্য হতে তেমন বেগ পেতে হয়নি। গত ১৮ বছরে প্রিয়াঙ্কা নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন একজন সুঅভিনেত্রীরূপে। সাধারণ গ্ল্যামারাস নায়িকার চরিত্র ছাড়াও জটিল ও ব্যতিক্রমধর্মী চরিত্রে একের পর এক দুর্দান্ত অভিনয়ের স্বাক্ষর রেখেছেন এই তারকা। ‘এতরাজ’, ‘ফ্যাশন’, ‘বরফি’, ‘মেরি কম’, ‘সাত খুন মাফ’, ‘অগ্নিপথ’, ‘ডন’, ‘কৃষ’, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমাগুলোয় প্রিয়াঙ্কা তার সক্ষমতার পরিচয় দিয়েছেন বারবার। অভিনীত চরিত্রটিকে পর্দায় যথাযথভাবে রূপায়ণে সব ধরনের চেষ্টা করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। ফলে হিন্দি সিনেমার প্রভাবশালী অভিনেত্রীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বলিউডের সেরা নামীদামি পরিচালক ও প্রযোজকের সিনেমায় অবলীলায় কাজ করার সুযোগ পেয়েছেন। অবলীলায় নায়িকা হয়েছেন প্রথম সারির তারকা অভিনেতাদের বিপরীতে। অভিনেত্রী হিসেবে খ্যাতি, জনপ্রিয়তা, প্রতিষ্ঠা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একজন গায়িকা হিসেবেও পরিচিতি অর্জন করেছেন প্রিয়াঙ্কা। বলিউডের সীমা ছাড়িয়ে হলিউডেও অভিনয়ের বিস্তৃতি ঘটিয়েছেন তিনি। জনপ্রিয় অ্যাকশন থ্রিলার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এবং হলিউডি সিনেমা ‘বেওয়াচ’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ও পরিচিতির বিস্তৃতি ঘটেছে। ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমা প্রযোজনার মাধ্যমে বিপুল প্রশংসা অর্জন করেছেন। সমসাময়িক নায়িকাদের মধ্যে অনেকেই একে একে বিয়ের পিঁড়িতে বসতে শুরু করায় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নানা আলোচনা, গুঞ্জন চলছিল। কারণ বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল তার। সমসাময়িক অন্য নায়িকারা বিভিন্ন পুরুষের সঙ্গে রোমান্সে জড়িয়ে পড়লেও কাজের চাপে, নানা ব্যস্ততায় বলিউড-হলিউড ছুটোছুটি করতে করতে কারও সঙ্গে প্রেম করার ফুরসত মিলছিল না তার। অনেকবার সাক্ষাত্কারে বলেছেনও এ কথা। বলিউডে প্রিয়াঙ্কার সঙ্গে সহশিল্পী কোনো তারকার ঘনিষ্ঠতার তেমন গল্প-কাহিনি শোনা না যাওয়ায় অনেকেই উসখুস করছিলেন, মেয়েটি কি বিয়েশাদি করবে না? হঠাত্ করে ভারতের এই জনপ্রিয় চিত্রতারকার সঙ্গে আমেরিকান তরুণ পপ তারকা নিক জোনাসের বন্ধুত্বেও খবর ছড়িয়ে পড়ায় শুরুতে সবাই ভেবেছিলেন, এটা স্রেফ বন্ধুত্ব, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু একসময় দেখা গেল, তার চেয়ে দশ বছরের কম বয়সী আমেরিকান গায়ক নিক জোনাসের প্রতি অনুরক্ত হয়েছেন প্রিয়াঙ্কা। তাকে সত্যি মন দিয়ে বসে আছেন। ভিনদেশি প্রেমিককে জীবনসঙ্গী করতেও প্রস্তুত তিনি। মহাধুমধামে আমেরিকান বরের সঙ্গে বিয়ে হয়ে গেছে প্রিয়াঙ্কার। হলিউডের কয়েকটি সিনেমায় তার অভিনয়ের কথা শোনা গেছে আরও আগে থেকেই। হয়তো হলিউডে নিজের ক্যারিয়ারটাকে আপাতত গোছাতে মনোযোগী হয়েছেন প্রিয়াঙ্কা। তবে হলিউডে নিজেকে এই বয়সে কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারবেন, সেটাই হলো প্রশ্ন। বলিউডে প্রিয়াঙ্কার নতুন কয়েকটি সিনেমার কথা শোনা গেলেও সেগুলো শেষ পর্যন্ত আদৌ নির্মিত হবে কি না তা নিশ্চিত নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বলিউডের অন্যান্য বিবাহিত নায়িকাদের মতো তাদের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় জগত্ থেকে গুটিয়ে নিয়ে স্বামী, সংসার এবং একান্ত নিজস্ব ভুবনে নিজেকে ব্যস্ত করে তুলবেন সাবেক এই বিশ্বসুন্দরী।
