ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্রে কয়েকটি অধ্যায় থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করা হলো। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয়, তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা সম্ভব হবে। পাশাপাশি বহুনির্বাচনি প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে।
ব্যবস্থাপনার ধারণা
০১. ব্যবস্থাপনা কী ?
উত্তর: কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ যথা; মানুষ, যন্ত্রপাতি,কাঁচামাল,অর্থ,বাজার,পদ্ধতিকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য সুষ্ঠু পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়।
০২ ব্যবস্থাপনা চক্র কী ?
উত্তর: ব্যবস্থাপনার কাজ যথা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান,প্রেষণা,সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলা হয়।
০৩. ব্যবস্থাপনার উপকরণ সমূহ কী কী?
উত্তর : ব্যবস্থাপনার উপকরণ সমূহ হলো মানুষ, যন্ত্রপাতি,কাঁচামাল,অর্থ,বাজার ও পদ্ধতি।
০৭. ব্যবস্থাপনাকে সর্বজনীন কে বলেছেন?
উত্তর: গ্রীক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনাকে সর্বজনীন বলেছেন।
০৪. হেনরি ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতির কথা বলেছেন ?
উত্তর: হেনরি ফেওল ব্যবস্থাপনার ১৪ টি নীতির কথা বলেছেন।
০৫. ব্যবস্থাপনার স্তর কয়টি ?
উত্তর: ব্যবস্থাপনার স্তর তিনটি।
০৬. ব্যবস্থাপনার তিনটি স্তর কী কী ?
উত্তর:উচ্চ পর্যায়ের,মধ্যম পর্যায়ের এবং নিম্ন পর্যায়ের স্তর।
০৭. কোম্পানি সচিব কোন স্তরের ব্যবস্থাপক ?
উত্তর: কোম্পানি সচিব উচ্চ স্তরের ব্যবস্থাপক।
০৮. শেয়ার হোল্ডার কোন স্তরের ব্যবস্থাপক ?
উত্তর : শেয়ার হোল্ডার উচ্চ স্তরের ব্যবস্থাপক।
০৯. নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত করেন কোন পর্যায়ের ব্যবস্থাপক ?
উত্তর: নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত করেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক।
১০. প্রশাসনের কাজ কী ?
উত্তর: প্রশাসনের কাজ নীতি ও পরিকল্পনা তৈরি করা।
১১. কারিগরি দক্ষতা কী ?
উত্তর: ব্যবস্থাপনার প্রতিটি কাজ সম্পাদনে যে পদ্ধতি, কৌশল বা যন্ত্রপাতি ব্যবহূত হয় তা সঠিক ভাবে ব্যবহার করতে পারা কারিগরি দক্ষতা হিসাবে গণ্য।
১২. আদেশের ঐক্যের নীতি কী ?
উত্তর: প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক কর্মীর আদেশ দাতা হবে একজন মাত্র ব্যক্তি এরূপ নীতিকেই আদেশের ঐক্যের নীতি বলা হয়।
১৩. ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসাবে কে তুলে ধরেছেন ?
উত্তর: ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসাবে তুলে ধরেছেন হেনরি ফেওল।
১৪. ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচিত হয় কোন সভ্যতা ?
উত্তর: ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচিত হয় মিশরীয় সভ্যতা।
১৫. প্রশাসন কার নিকট দায়ী থাকে ?
উত্তর : প্রশাসন পরিচালনা পর্ষদের নিকট দায়ী থাকে।
