রংপুরে প্রস্তুত ১৪১ শয্যা

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:১৬

করোনা ভাইরাস

স্টাফ রিপোর্টার, রংপুর

করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরে প্রাথমিকভাবে হাসপাতালে ১৪১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে কোয়ারেন্টাইন ওয়ার্ডে ১০০ এবং আইসোলেশন ওয়ার্ডে ৪১ বেড রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের।

এদিকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মনিটরিংয়ের লক্ষ্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসানকে সভাপতি ও সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায়কে সদস্য সচিব করে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায় জানান, করোনা ভাইরাসের ব্যাপারে সচেতনভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাস আক্রান্তের লক্ষণ দেখা দিলে বা এ সংক্রান্ত যেকোনো তথ্য এবং সেবার জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। প্রয়োজনে সার্বক্ষণিক খোলা থাকা কন্ট্রোল রুমের ০১৭১৮-৫৬৪-১৭২ অথবা ০৫২১-৬২১৫০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।