রায়গঞ্জে বন্ধ হয়ে যাচ্ছে অনেক তাঁত কারখানা

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:১৭

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শহরে পণ্য সরবরাহে একমাত্র সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। আর এতে ভোগান্তির শিকার হয়ে রায়গঞ্জের অনেক তাঁত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের তাঁত শিল্পাঞ্চল হিসেবে খ্যাত কুটারগাঁতী ও হামিনদামিন গ্রামে গিয়ে দেখা গেছে, ঐ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের করুণ চিত্র। ঐ গ্রামের প্রবীণ ব্যক্তি উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল আলম জানান, খামারগাঁতী-গাড়ুদহ ছয় কিলোমিটার দীর্ঘ সড়ক কুটারগাঁতী ও হামিনদামিন গ্রামের মধ্য দিয়ে রায়গঞ্জ-সিরাজগঞ্জ সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। এই এলাকা থেকে জেলা শহরে যাওয়ার এটাই একমাত্র সড়ক। এই সড়কের পশ্চিম গাড়ুদহ মাঝিপাড়া এলাকায় বৃষ্টি হলে হাঁটুপানি জমে যেত। নিরুপায় এলাকাবাসী নিজ খরচে ইটের খোয়া ও রাবিশ দিয়ে সেখানে ভরাট করে সংস্কার করার পরও কাঁচা এই সড়কে বর্ষা মৌসুমে চলাচল করা যায় না। এছাড়া যাতায়াতের দুরবস্থার কারণে ঐ দুই গ্রামের তাঁত কারখানায় উত্পাদিত লুঙ্গি, গামছাসহ অন্যান্য কৃষিপণ্য শহর ও হাটবাজারে নিয়ে যেতে অনেক বেশি অর্থ ও সময় ব্যয় হয়। এ কারণে তাঁত ব্যবসায়ী ও কৃষকরা লোকসানে পড়েছেন।

হতাশার সুরে কুটারগাঁতী গ্রামের বড়ো তাঁত কারখানা তালুকদার কটেজের মালিক মুক্তা তালুকদার বলেন, আমরা আর টিকে থাকতে পারছি না। অচিরেই আমাদের কারখানাগুলো হয়তো বন্ধ করে দিতে হবে। একই গ্রামের সেঞ্চুরি উইভিং ফ্যাক্টরির মালিক আব্দুল মোন্নাফ ও হামিনদামিন গ্রামের তাঁত কারখানা ইছামতি কটেজের মালিক মকলেছুর রহমান সড়কের দুরবস্থার কারণে লোকসানের মুখে শতাধিক তাঁত কারখানা বন্ধ হয়ে যেতে পারে। ব্রহ্মগাছা ইউপি চেয়রম্যান গোলাম সরোয়ার লিটন বলেন, সড়কগুলো এলজিইডির। জনদুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নে তিনি ধর্মদাসগাঁতী হাটখোলা থেকে খামারগাঁতী হাটখোলা হয়ে কয়ড়া শিমুলতলা পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং রৌহা হাসিল বটতলা থেকে বামনভাগ হাটখোলা পর্যন্ত চার কিলোমিটার সড়কের প্রস্তাবনা দিয়েছেন। এই চার কিলোমিটার সড়কের মধ্যে মাত্র দুই কিলোমিটার সড়কের টেন্ডার হয়েছে। বামনভাগ হাটখোলা থেকে গাড়ুদহ পর্যন্ত আরো এক কিলোমিটার সড়কের সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার প্রস্তাবনা পাঠিয়েছেন। এসব সড়কের কাজ সম্পন্ন হলে তাঁত শিল্পাঞ্চল কুটারগাঁতী ও হামিনদামিনসহ দুই গ্রামবাসীই উপকৃত হবে।  এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ বলেন, রায়গঞ্জের জন্য চলনবিল প্রকল্পে মোট ১৭০ কিলোমিটার সড়কের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। এগুলো অনুমোদন হলে শুধু ব্রহ্মগাছা ইউনিয়ন নয়, পুরো উপজেলার জনগুরুত্বপূর্ণ অধিকাংশ সড়কের কাজ সম্পন্ন হবে।