চাঁদপুর প্রতিনিধি
করোনা ভাইরাস মুক্ত রাখতে গত ১৫ দিনে বিদেশ ফেরত চাঁদপুরের ৬০৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ নেওয়ার নির্দেশ দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসন মো. মাজেদুর রহমান খান। বৃহস্পতিবার দুপুরে এটি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ৬০৪ জন ব্যক্তিকে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। এতে সহায়তা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগ।
এ দিকে চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন জানান, পুরো জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এ ছাড়া প্রয়োজনে আবাসিক হোটেল ও স্কুল ভবনও তৈরি করে রাখা হয়েছে।
মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে আরো ৬০ জন
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার পর্যন্ত বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ১৬৯ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ দিন আরো ৬০ জন বিদেশ ফেরত ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। তিনি জানান, তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ায় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কুড়িগ্রামে ছয় জন হোম কোয়ারেন্টাইনে
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সৌদি আরব ও দুবাইফেরত ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে পাঁচ জন ওমরাহ হজ পালন করে এসেছেন। এদিকে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে ৩১ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
নড়াইলে এক জন হোম কোয়ারেন্টাইনে
নড়াইল প্রতিনিধি জানান, সদর উপজেলায় ইতালী ফেরত এক প্রবাসীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ.ফ.ম. মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
