বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমছে

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২৫

রেজাউল হক কৌশিক

 

ধারাবাহিক কমছে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি। গত জানুয়ারি শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ২০ শতাংশে। যা ২০১০ সালের সেপ্টেম্বর বা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান। ঐ মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এর পরের মাস থেকে গত অক্টোবর পর্যন্ত প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের ওপরে। গত ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮৩ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, অর্থপাচারসহ বিভিন্ন কারণে বেসরকারি খাতে ঋণ চাহিদা এমনিতেই কম রয়েছে। আবার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে বিপুল অঙ্কের ঋণ আটকে থাকায় নতুন ঋণ আদায় হচ্ছে খুব কম। এসব কারণে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমেছে। সব মিলিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে এ পর্যায়ে নেমেছে। চলতি অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫০ শতাংশ ধরলেও শেষ পর্যন্ত প্রবৃদ্ধি দাঁড়ায় ১১ দশমিক ২৯ শতাংশ। এর আগের অর্থবছর শেষে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৯৫ শতাংশ। এ বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে গৃহীত ঋণের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত থাকবে অর্থাত্ বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৪ দশমিক ৮ শতাংশ থাকবে বলে আগেই জানানো হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এজন্য সুশাসন নিশ্চিত করে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। উদ্যোক্তাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে বেসরকারি খাতে বিনিয়োগের পাশাপাশি ঋণের চাহিদাও বাড়বে।