ইরানে করোনায় মৃতদের গণকবরে দাফন!

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:২৭

 

বিশ্ব জুড়ে ছড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইরানের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪২৯ জনের। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উল্লে­খ করা হয়েছে, ইরানে করোনায় মৃতদের দাফন করা হচ্ছে গণকবরে। 

করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজারের বেশি। চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি—এই চার দেশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও ইরান ও ইতালিতে বেড়েই যাচ্ছে।

চীনে ভাইরাসের বিস্তার এমন পর্যায়ে কমে এসেছে যে, দেশটি ইতালিতে চিকিত্সাকর্মী পাঠাচ্ছে এবং ইরানে সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইরানের পরিস্থিতি এতই ভয়াবহ যে বৃহস্পতিবার দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৭৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জনে। যা মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ।