নতুন বছরের শুরুর দিকে পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন। তার পরবর্তী ছবি ‘আব্বাস’ মুক্তি পেতে যাচ্ছে। সাইফ চন্দনের পরিচালনায় ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নিরব। চলতি মাসের শুরুতে পুরান ঢাকার সূত্রাপুরে শুরু হয়েছে ছবির শুটিং। বেশকিছু দৃশ্যের শুটিং করা হয়েছে সেখানে। ছবিটিতে নিরবের বিপরীতে রয়েছেন সোহানা সাবা। এই প্রথম এ দু’জনকে একসাথে বড়পর্দায় দেখা যাবে। ছবিটি প্রসঙ্গে নিরব বলেন, ‘নতুন এক অভিজ্ঞতা হয়েছে কাজটি করতে গিয়ে। পুরান ঢাকার পরিবেশে কাজ করা আসলেই দারুণ একটা বিষয়। আমি ছবিতে পুরান ঢাকার সন্ত্রাসী চরিত্রে অভিনয় করছি। গল্পে দেখা যাবে যে, আমি সাধারণ একটি ছেলে গ্রাম থেকে শহরে আসি। একটি গ্যারেজে কাজ শুরু করি। সেখান থেকেই আমি সন্ত্রাসী হয়ে উঠি। সমসাময়িক গল্প নিয়ে ছবি নির্মাণ বাড়ছে। এই ছবিটিতেও আমাদের বর্তমান সমাজের একটি গল্প উঠে আসবে।’
