করোনা থেকে মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

বিশ্ব মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে পানাহ পেতে গতকাল জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে দোয়া করা হয়েছে। এদেশ ও বিশ্ববাসীকে করোনার ছোবল থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের করোনা ভাইরাস থেকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানান পেশ ইমাম মহিবুল্লাহিল বাকী নদভী। ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে খতিব জুমার খুতবায় করোনা ভাইরাস বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন। নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি। দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক মুসল্লি এবং ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।