ইত্তেফাক রিপোর্ট
সগিরা মোর্শেদ হত্যা মামলাটি পুনর্তদন্তের দাবি জানিয়েছেন এই মামলার অন্যতম আসামি ডা. হাসান আলী চৌধুরীর দুই সন্তান। তারা দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের বাবা-মা জড়িত নন। উনারা নির্দোষ। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হাসান আলীর সন্তান চৌধুরী দিলাবিজ মাহমুদ ও চৌধুরী মাহি এসব দাবি করেন।
তারা বলেন, ৩০ বছর পর পিবিআইয়ের স্কেচ করা মামলার চতুর্থ আসামি মারুফ রেজার ছবি দেখে চিনে ফেলা, মিথ্যা চিরকুটের প্রমাণ দিতে না পারা, ৩০ বছর আগে বাদির জবানবন্দির সঙ্গে বর্তমান জবানবন্দির মিল না থাকা প্রমাণ করে মামলাটি সঠিকভাবে তদন্ত হয়নি। তাই পুনর্তদন্তের দাবি করছি।
প্রসঙ্গত ১৯৮৯ সালে ভিকারুননিসা নূন স্কুল থেকে নিজ সন্তানকে আনতে গিয়ে নির্মম খুনের শিকার হন বিআইডিএসের তত্কালীন গবেষক সগিরা মোর্শেদ। পরে সাজানো হয় ছিনতাইয়ের ঘটনার। এই মামলার অন্যতম আসামি মারুফ রেজার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার অধিকতর তদন্তের আদেশ স্থগিত করে দেয়। ৩২ বছর পর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ঐ স্থগিতাদেশ প্রত্যাহার করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। এরপরই পিবিআই তদন্ত করে প্রকৃত রহস্য উম্মোচন করে। ডা. হাসান আলী, মারুফ রেজা, আনাস মাহমুদসহ চার জনের বিরুদ্ধে আদালতে দেওয়া হয় চার্জশিট। গত ৮ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে ১৫ মার্চ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রেখেছেন।
