করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয়ভাবে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদে ও হাট-বাজারে সতর্কতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও সতর্কতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে দলটি।
গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ), তাঁতী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক লিফলেট তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ধানমন্ডি এলাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমরা হ্যান্ডবিল বিভিন্ন জেলা পর্যায়েও পাঠাচ্ছি। আমরা তৃণমূল পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইন চালিয়ে যেতে চাই।’ লিফলেটে ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ এমন আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশবাসীকে কিছু সতর্কতামূলক করণীয় মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন মসজিদে গতকাল থানা-ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলরগণ লিফলেট বিতরণ করেন। রাজধানীর দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপীর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা চারটি ওয়ার্ডের মসজিদে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন সেগুনবাগিচা-বিজয়নগরসহ নিজ এলাকায় লিফলেট বিতরণ করেন।
