রহিমউদ্দিন ভরসার দাফন সম্পন্ন

আপডেট : ১৩ মার্চ ২০২০, ২২:২৬

রংপুরের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক জেলা সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসার নামাজে জানাজা গতকাল শুক্রবার বাদ আছর রংপুরের হারাগাছ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ডারারপাড় জামে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে গত বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শিল্পপতি রহিম উদ্দিন ভরসা ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিকবার বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।