এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের পল্লীতে সাফি মোল্লা (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর থানার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামে। নিহত সাফি মোল্যা ওই গ্রামের বজলু মোল্লার ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে কামালপ্রতাপ গ্রামের বিদ্যুৎ জমাদ্দার ও বাবলু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাত ৮টার দিকে বাবুল শেখ গ্রুপের সাফি মোল্লা কামালপ্রতাপ গ্রামের বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন। এসময় অতর্কিতভাবে প্রতিপক্ষ বিদ্যুৎ জমাদ্দার গ্রুপের ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী সাফি মোল্লাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।
ইত্তেফাক/কেকে
