ভারতের আগ্রায় ২৫ বছর বয়সী এক করোনা আক্রান্ত নারীকে পুলিশ- ম্যাজিস্ট্রেটের যৌথ প্রচেষ্টায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সম্প্রতি ইতালি থেকে হানিমুন শেষে ফিরেছিলেন ওই নারী। তার স্বামী একজন গুগলের কর্মকর্তাও বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইতালি থেকে ফেরার পর ওই নারী এবং তার স্বামীকে বেঙ্গালুরুতে কোয়ারেন্টাইন করে রাখা হয়। সেখান থেকে গত ৮ মার্চ ওই নারী পালিয়ে দিল্লি হয়ে আগ্রায় তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। পরে স্বাস্থ্য কর্মকর্তারা খবর পেয়ে ওই নারীকে আনতে গেলে তার পরিবারের পক্ষ থেকে বাধা দেয়া হয়। এরপর ওই নারীকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ধরে আনা হয় এবং আবার কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এছাড়া ওই নারীর পরিবারের বাকি সদস্যদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
কোয়ারেন্টাইনে পাঠানোর পর গতকাল শুক্রবার ইতালি ফেরত ওই গুগল কর্মকর্তার স্ত্রীর শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়।
এ বিষয়ে আগ্রার প্রধান মেডিক্যাল অফিসার ডাক্তার মুখেশ কুমার ভাটস বলেন, মেডিক্যাল দল ওই নারীকে আনতে গেলে তার বাবা বাধা দেয়। পরে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ওই নারীকে ধরে আনা হয়। ওই নারীর স্বামীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা ।
ইত্তেফাক/এআর
