বাংলাদেশে গরু পাচারসহ দুর্নীতির টাকায় চলছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এমন অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার মালদহ থানার কোর্টস্টেশন এলাকায় যোগদান কর্মসূচিতে এমন অভিযোগ করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, ‘কেলেঙ্কারির টাকা বন্ধ হয়ে গেছে, তাই বাংলাদেশে গরু পাচার, বালু মহাল ও কয়লা উত্তোলনের টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। এর প্রতিবাদ করছি আমরা। তাই আমাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে, কেস দেওয়া হচ্ছে। যেখানেই আমি সভা করতে যাই সেখানেই আমাকে একটা করে কেস দেওয়া হয়।’
রাজ্য জুড়েই বিজেপিকে নিশানা করছে তৃণমূল, এমনই অভিযোগ দিলীপ ঘোষের। তার দাবি, ‘তৃণমূলের সাথে মানুষের কোনও সম্পর্ক নেই, তাই ভোট দিতে দিচ্ছে না। পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। ৪২ শতাংশ মানুষ ভোট দিতে পারল না। এটা কি ধরনের গণতন্ত্র?’
আরও পড়ুনঃ টাকাসহ আটক একজন হাওয়া ভবনের সাবেক কর্মচারী: বেনজীর

সম্প্রতি পশ্চিমবঙ্গে রথযাত্রা করার অনুমতি না পেয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠেছে। রাজ্যে একাধিক রথ যাত্রা করতে চেয়েছিলো বিজেপি। সেই রথে মোদী-অমিত শাহ সহ যোগী আদিত্যনাথের মতো নেতাদেরকেও চড়াতে আগ্রহী পশ্চিমবঙ্গ বিজেপি। তবে রথের অনুমতি দেয়নি প্রশাসন। আদালতে বিষয়টি ঝুলে রয়েছে।
আইনি জটিলতায় বারবার পেছাতে হচ্ছে বিজেপির রথযাত্রার দিন। এই অবস্থায় সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হয়েছে বঙ্গ বিজেপির নেতারা। সর্বোচ্চ আদালতের রায় বিজেপির পক্ষেই যাবে বলে আশাবাদী রাজ্য বিজেপি। এরপর মধ্যেই চলছে কথার লড়াই।
ইত্তেফাক/টিএস
