প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে নতুন নতুন দেশ। বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে এই মরণ ব্যাধি ভাইরাস। করোনাভাইরাসের জেরে এবার স্থগিত হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ ও লা লিগা।
তিন সপ্তাহের জন্য স্থগিত করা হল ইংলিশ প্রিমিয়ার লিগ। যার ফলে ৩ এপ্রিলের আগে ইপিএলের কোনও খেলা হবে না। করোনার জেরে আগেই লকডাউন হয়ে গিয়েছিল আর্সেনাল আর চেলসির মতো দলগুলি।
প্রথম ইপিএল ফুটবলার হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত হন চেলসির ক্যালাম হাডসন ওডোই। এর আগে আর্সেনালের কোচ মিকেল আর্তেতাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব দিক বিচার করেই জরুরি বৈঠকের পর স্থগিত করে দেওয়া হল ইপিএল।
The Premier League, FA, EFL and WSL have collectively agreed to postpone the professional game in England
— Premier League (@premierleague) March 13, 2020
Full statement: https://t.co/XcDyzBp4Ol pic.twitter.com/cmYjoY3LRR
এর আগে করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় উয়েফার যাবতীয় টুর্নামেন্ট। যার মধ্যে উল্লেখযোগ্য চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ। আগামী সপ্তাহে দুটি টুর্নামেন্টেরই শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ হওয়ার কথা ছিল। করোনার জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে লা লিগা এবং সিরি-আ এর ম্যাচও।
ফুটবল ছাড়াও ক্রিকেটেও করোনার থাবায় আটকে যাচ্ছে বেশির ভাগ টুর্নামেন্ট। চ্যাপল-হ্যাডলি সিরিজের প্রথম ম্যাচ দর্শকশূন্য হলেও সিরিজের বাকি ম্যাচ স্থগিত করা হয়েছে।
তাছাড়া দক্ষিণ আফ্রিকা দলের ভারত সফর ও ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। জনপ্রিয় আইপিএল ১৫ দিন পেছানো হয়েছে। বাংলাদেশ দলের তৃতীয় ধাপের পাকিস্তান সফর হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত রবিবার।
ইত্তেফাক/এসআই
