স্পোর্টস ডেস্ক
ক্রিকেট বিশ্বে কেবল দুটি আন্তর্জাতিক দলেরই খেলা চলছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে সেটাও বন্ধ হয়ে গেল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি আপাতত স্থগিত করা হয়েছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত শুক্রবার শুরু হয় ওয়ানডে সিরিজ। দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ৭১ রানের বড়ো জয় দিয়ে শুরু করে সিরিজ। কিন্তু ম্যাচ শেষেই আসে ‘দুঃসংবাদ’। গতকাল শনিবার সিরিজের বাকি অংশ স্থগিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ম্যাচ দুটি আগামী ১৫ ও ২০ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়া দলের নিউজিল্যান্ড সফরও স্থগিত করেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ মার্চ। সেটাও আপাতত আর হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও এনজেডসি ভবিষ্যতে চ্যাপেল-হ্যাডলি ট্রফির এই ম্যাচগুলো আয়োজনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে।
অস্ট্রেলিয়া অবশ্য নিজেদের ঘরোয়া প্রথম শ্রেণির আসর শেফিল্ড শিল্ডের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূচি অনুসারে এই আসরের দশম রাউন্ডের খেলা শুরু হবে আগামী ১৭ মার্চ। এর আগেই খেলাধুলার একগাদা আসর বন্ধ করে দেওয়া হয়েছে। এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব পিছিয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগ ও সিরি ‘এ’ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিকেটে নিজেদের শ্রীলঙ্কা সফর বাতিল করেছে ইংল্যান্ড দল। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) পিছিয়ে গেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথেই পাকিস্তান ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা।
ভারতের মাটিতে করোনা ভাইরাস ভীতির মধ্যেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল। কিন্তু প্রথম ওয়ানডে বৃষ্টিতে বাতিল হওয়ার পর তারাও সিরিজের মাঝপথে বাকি দুটি ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে। সবমিলিয়ে করোনা ভাইরাস ক্রীড়াবিশ্বকে আক্ষরিক অর্থেই স্থবির করে ফেলেছে।
