সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর সোনাপুর এলাকায় গ্যাসের চুলার লিকেজের সৃষ্ট আগুন থেকে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ দম্পতি হলেন আশরাফুল ইসলাম (৪০) ও রোজিনা আক্তার (৩০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর কবরস্থান এলাকায় একতলা বাসায় ঐ দম্পতি ভাড়া থাকেন। আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় সিকিউরিটি গার্ড ও রোজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করেন। গতকাল শনিবার ভোরে রান্না করার জন্য রোজিনা গ্যাসের চুলায় ম্যাচের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় স্ত্রীর চিত্কারে স্বামী বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বাসায় তারা দুই জনই ছিল।
ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে থাকার কারণে ম্যাচের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বিষয়টি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ তদন্ত করে দেখছে।
চিকিত্সকদের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরের ৭৩ ও রোজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ আশরাফুলের ভাতিজা আক্তারুজ্জামান জানান, তিনি ঢাকায় থাকেন। সকালে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছেন। তাদের বাড়ি রংপুর কোতোয়ালি থানা এলাকায়।
