পটিয়ায় মারামারিতে আহত এক জনের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৪৯

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আবুল হাশেম (৫৫) নামের এক ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় শনিবার মারা গেছেন। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম এলাকার মরহুম নুরুল আমিনের ছেলে। রাস্তার বিরোধ নিয়ে এর আগের দিন শুক্রবার বেলা আড়াইটার দিকে বাণীগ্রাম এলাকার মো. হাশেম ও হাবিবুর রহমানের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা, মারামারি ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হন। আহতদের মধ্যে হাশেম চিকিত্সাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান। অগ্নিসংযোগে ১০টি বসতঘর পুড়ে যায়।   পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, মারামারি ও পরবর্তী অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।