দেশের শেয়ারবাজারে আস্থাহীনতা রয়েছে জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান বলেছেন, ব্যাংক ও আর্থিক খাতই এজন্য দায়ী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত না হলে শেয়ারবাজার কখনো স্থিতিশীল হবে না। তিনি ব্যাংক পরিচালনা বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঔদ্ধত্যের কথা তুলে ধরে বলেন, তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করেনি।
শনিবার ঢাকায় এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হলে ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। পরিচালকরা বেনামে ঋণ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে বোনাস দিয়ে ব্যাংকের শেয়ারের দাম বাড়িয়ে নিজেরা লাভবান হয়েছেন। এখন তাদেরই দায়িত্ব বাজারের স্বার্থে শেয়ার কেনার ঘোষণা দেওয়া। একই সঙ্গে কোম্পানি কর্তৃপক ‘বাইব্যাক’ প্রথা চালুর বিষয়েও মত দেন ডিএসইর এই পরিচালক।
রকিবুর রহমান এই মুহূর্তে চারটি বড়ো সমস্যার কথা তুলে ধরে বলেন, করোনা ভাইরাস এই মুহূর্তে বড়ো সমস্যার সৃষ্টি করেছে। এর প্রভাব অর্থনীতিতে পড়ছে। শেয়ারবাজারও এর ব্যতিক্রম নয়। আর্থিক খাতের অব্যবস্থাপনা, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না করা এবং উদ্ভূত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থাহীনতা।
তিনি বলেন, করোনার কারণে ভারতেও শেয়ারবাজারে পতন ঘটেছিল। কিন্তু পরদিনই আবার বাজার ঘুরে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে ভারতের অর্থ মন্ত্রণালয় ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সাপোর্ট দিয়েছে। কোম্পানিগুলোও তাদের রিজার্ভের অর্থ দিয়ে শেয়ার বাইব্যাক করার সুযোগ রয়েছে সেখানে। ফলে, বিনিয়োগকারীদের আস্থা রয়েছে। বাংলাদেশেও বাইব্যাক আইন জরুরি। তাহলে ভালো কোম্পানিগুলো এই সময়ে ভালো সাপোর্ট দিতে পারত। তিনি ব্যাংক পরিচালকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদেরও উচিত কিছু শেয়ার কেনা এবং নগদ লভ্যাংশ বাড়িয়ে দেওয়া। ঋণের সুদ হার কমিয়ে দেওয়া। বিশ্বজুড়েই এখন সুদের হার কমাচ্ছে।
