দেশে করোনা ভাইরাস শনাক্তের পর থেকে ভাইরাসটি প্রতিরোধে মেডিক্যাল সামগ্রীর সংকট তৈরি হয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার মধ্যে সুলভমূল্যে সরবরাহ করতে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। প্রতি ১০০ মিলি লিটারের একটি বোতল ১০০ টাকা দরে বিক্রি করা হবে। যেখানে এর বাজারমূল্য ২০০ টাকা।
জীবাণুনাশকটি তৈরির সঙ্গে যুক্ত ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মুহিত বলেন, নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এটি প্রস্তুত করেছি। প্রথমদিন আমরা ২০০ বোতল তৈরি করেছি। খরচ হয়েছে ২০ হাজার টাকা। ফান্ড পেলে এটি আরো বেশি করে প্রস্তুত করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হবে।
অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবদুর রহমান বলেন, এটি একটি সময়োপযোগী উদ্যোগ। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এটি তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জীবাণুনাশক তৈরি অবশ্যই ভালো উদ্যোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় এ ব্যাপারে সহযোগিতা করবে বলে তিনি জানান।
