হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৮:১১

পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পদশে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিবার বিকেল ৩টা ৪০ মিনিটে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ১৭টি ট্রাকে ৩৭৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। 

বন্দরের ব্যবসায়ী মোবারক হোসেন জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ কারণে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে পড়লে দেশে পেঁয়াজের দাম হয় আকাশছোঁয়া। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। 

আরও পড়ুন: ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেফতার ২

ভারতের ব্যবসায়ীদের উদ্বৃতি দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের বাম্পার ফলন ভালো হওয়ায় সেদেশের সরকার গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে বাংলাদেশে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত ২ মার্চ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হলে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন। শনিবার অনুমতি পাওয়ার পর আজ রবিবার বিকেল থেকে পুনরায় শুরু হয় ভারত থেকে পেঁয়াজ আমদানি।

ইত্তেফাক/এসি