রামগড়ে ফের আগুন, পুড়লো ৬ বসতঘর

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:২৮

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় চারদিনের ব্যবধানে  ফের অগ্নিকাণ্ড ঘটেছে।  রবিবার বেলা ২টার দিকে পৌর শহরের  উপকন্ঠে  আনন্দপাড়ায় অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। 

এর আগে গত বুধবার (১১ মার্চ) পৌরসভার  ৫ নং ওয়ার্ডের বৈরাগী টিলা এলাকায়  অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ভস্মীভূত  হয়। রান্নাঘরের লাকড়ির চুলা হতে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, রবিবার বেলা ২টার দিকে রামগড় বাজার সংলগ্ন আনন্দপাড়া এলাকায়  রুহুল আমিন মানিক মিয়ার বসতবাড়ির ভাড়াটিয়ার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশেপাশের টিনসেডের বসতঘরে ছড়িয়ে পড়ে। তখন বাড়ির মালিক সপরিবারে অন্যত্র ছিলেন। এক ভাড়াটিয়া পরিবারই বাড়িতে ছিলো। আগুনে রাড়ির ৪টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পরে আগুন পাশের ডাক্তার বাদল চক্রবর্তীর বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।  আগুনে তাদের  দুটি টিনের ঘর পুড়ে যায়। দুটি বসতবাড়ির কেউ ঘরের  কোন জিনিসপত্র রক্ষা করতে পারেনি। 

আরও পড়ুন: সারাদেশে রবিবারে কোয়ারেন্টাইন ২৫৮ প্রবাসী

ডাক্তার বাদল  চক্রবর্তী জানান,  তার নগদ ৮৫ হাজার টাকা পুড়ে গেছে।  নিজের  হার্টের চিকিৎসার জন্য  আজই ব্যাংক থেকে টাকাগুলো  তুলে এনেছিলেন।  আগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে এলাকার লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে রামগড়  ফায়ার সার্ভিসের দুটি  ইউনিট এসে  আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি  নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ  ডলার ত্রিপুরা বলেন, রান্নাঘরের গ্যাসের চুলা হতে আগুনের  সূত্রপাত বলে ধারণা  করছি। তবে  তিনি  তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ইত্তেফাক/এসি