মুজিববর্ষের আয়োজন

‘শতাব্দির মহানায়ক’-এর চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:৫৪

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধনী আয়োজনের সাংস্কৃতিক পরিবেশনার চূড়ান্ত মহড়া চলছে। জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ১৭ মার্চ ২০২০ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ‘শতাব্দির মহানায়ক’ শিরোনামে ৪৫ মিনিটের থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফি পরিবেশিত হবে। সহস্রাধিক শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহণে প্রযোজনাটির গবেষণা, গ্রন্থনা ও নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় খ্যাতিমান দেশি-বিদেশি শিল্পীদের নির্দেশনায় থিয়েট্রিক্যাল কোরিওগ্রাফিটি নির্মাণের জন্য ২ মাস যাবত্ মহড়া করছে প্রায় ১ হাজার শিল্পী ও কলাকুশলী। প্রযোজনাটির উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর ও ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রযোজনাটিতে খোকা থেকে বঙ্গবন্ধু, নেতা থেকে জাতির পিতা, কর্মী থেকে রাজনীতির কবি, জননেতা থেকে বিশ্বনেতা, শৈশব কৈশোর যৌবনের সংগ্রামী ও প্রতিবাদী মুজিব, ২৩ বছরের করুণ ইতিহাস, ৩০৫৩ দিনের কারাবাস, স্বাধীনতার স্বপ্ন, দেশ গড়ার সংগ্রামে বঙ্গবন্ধুর চেতনাদীপ্ত সুর, বাণী ও ছন্দের নিখুঁত গাঁথুনিতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, সংগ্রাম ও আদর্শকে ফুটিয়ে তোলা হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনায় আরও থাকছে শত শিল্পীর যন্ত্রসংগীত পরিবেশনা ও শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত। এছাড়াও থাকছে জন্মশতবর্ষের থিম সংসহ নানা আয়োজন।