প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০” এর প্রথম প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার নদী ও খাল খনন উদ্বোধন করা হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলাধীন কাছিম খাল খনন কাজ গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. ফখরুল আবেদিন। অন্যান্যের মধ্যে ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ প্রমুখ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এক কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে এই খালটি খনন করা হবে। এ ছাড়া ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে পূর্বধলা উপজেলাধীন কোকখালী খাল খনন করা হবে। তিনি আরো জানান, অতিবৃষ্টির পানি নিষ্কাশন, এলাকার ফসল ও জানমাল রক্ষা করা, বর্ষাত্তোর সময়ে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করা, কৃষি ও মত্স্য উত্পাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করায় ভূমিকা রাখবে।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়ায় পৌর সদরের সুচক্রদণ্ডী এলাকায় একটি মরা খাল খনন দীর্ঘদিন পর শুরু হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় পাঁচ কিলোমিটারের বেশি মরা খাল খনন বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মো. ইউসুফ, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী একেএম সামশুল করিম, নির্বাহী প্রকৌশলী বিদ্যুত্ কুমার সাহা, পটিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী হাবিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মঈনুদ্দিন, মত্স্য কর্মকর্তা লুত্ফুর রহমান, পটিয়া পৌরসভার ২নং কাউন্সিলর রূপক কুমার সেন, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান জুনু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সুমন, পৌর আওয়ামী লীগ নেতা শহীদুল আলম শহীদ।
পঞ্চগড়:দেড়শ কোটি টাকা ব্যয়ে ১৬৪ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হয়েছে। ছোট নদী খাল এবং জলাশয়গুলোতে পানি ধারণক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বছরব্যাপী সেচ সুবিধার মাধ্যমে কৃষি উত্পাদন বৃদ্ধি, নদী ও খালগুলো পুনরুজ্জীবিত করে মত্স্য সম্পদ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ড এই নদী পুনঃখনন কাজ শুরু করেছেন। বুধবার সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাথরাজ নদীর ৩০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন। বোদা উপজেলার মোঘলে কেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পানি উন্নয়ন বোর্ড ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এনায়েতুল্লাহ, পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
গোসাইরহাট (শরীয়তপুর) :গতকাল বুধবার শরীয়তপুরের গোসাইরহাটের দাসের জঙ্গল খাল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে পুনঃখনন করা হচ্ছে। এই খাল পুনঃখননের তদারকির দায়িত্বে রয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড। ২২৪০ মিটার খাল পুনঃখনন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমলগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চীপ মনিটরিং কর্মকর্তা কাজী তোফায়েল। অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার। ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আলাউদ্দিন হোসেন। উপ-বিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম। উপ-বিভাগীয় প্রকৌশলী তারেক হোসেন ও শাখা কর্মকর্তা মোঃ মাহবুব আলম প্রমুখ।
পীরগঞ্জে (ঠাকুরগাঁও): পীরগঞ্জে লাচ্ছি নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ‘শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্লান’, ‘শেখ হাসিনার ইনোভেশন ড্রেজিং করে নদী শাসন’ এ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে পীরডাঙ্গী মাদ্রাসার কাছে এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, পীরগঞ্জ পৌরসভার মেয়র কশিরুল আলম। এ সময় পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাম্মাদুল বার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, সম্পাদক জয়নাল আবেদীন বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
চরফ্যাশন (ভোলা): ছোট নদী খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশনের দুদুমিয়ার পুল সংলগ্ন খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হান্নান উদ্বোধন করেন । খনন কাজের উদ্বোধন উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী কাওছার আলমের সভাপতিত্বে দুদু মিয়ার বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নদী শাসন প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজি রেজাউল করিম, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ প্রকৌশলী নাহিদুজ্জামান খান প্রমুখ।
