রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
করোনা ভাইরাস মোকাবিলায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত রাখা হয়েছে দুই শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট। এছাড়া মজুত রয়েছে সকল ধরনের উপকরণ। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) বলেন, বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। আমরাও তার বাইরে নই। তাই আমরা যদি পূর্ব থেকে এই ভাইরাস সম্পর্কে সতর্ক ও সচেতন হই তাহলে আমাদের দেশে করোনার আক্রমণ তেমন প্রকট হবে না। তাই এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সমাবেশ শেষে করোনা ভাইরাস বাংলাদেশে কোনো আতঙ্ক নয়, হতে হবে সচেতন, কী কী বিষয় অনুসরণ করলে ও মানলে করোনা থেকে মুক্ত থাকা যাবে সেই বিষয়গুলো সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অব্যাহত রয়েছে।
