মুলাদীতে নৌকাডুবিতে এক জন নিখোঁজ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪৪

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

মুলাদীতে নৌকাডুবিতে আলাউদ্দিন সরদার নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝোড়ো হাওয়ায় মৃধারহাট লঞ্চঘাট এলাকায় একটি ছোটো নৌকা ডুবে গেলে আলাউদ্দীন নিখোঁজ হন। আলাউদ্দীন সরদার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের ছিডু সরদারের ছেলে।

চরকালেখান ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম রুস্তুম জানান, অতিরিক্ত বোঝার কারণে ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায় এবং আলাউদ্দিন সরদার সাঁতার না জানার কারণে ডুবে নিখোঁজ হন।

মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং রবিবার সকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আলাউদ্দিন সরদারের কোনো সন্ধান পাওয়া যায়নি।