কামারখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র ও এক শিক্ষকসহ চার জন নিহত হয়েছেন। এছাড়া স্কুল ছাত্রসহ সড়কে আরো তিন জনের মৃত্যু হয়। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে মাহফিল শেষে ফেরার পথে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র ও শিক্ষকসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কাশেম মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিক্ষক ইমরান হোসেন (৩০), মাদ্রসা ছাত্র আবদুল খালেদ (১৫), ইয়াসিন আরাফাত (১৮) ও ইলিয়াস হোসেন (১৭)।
গাংনী (মেহেরপুর) : গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কিবরিয়া (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত ও দুই জন আহত হয়েছেন। গতকাল গাংনী পৌর এলাকার আখসেন্টার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। কিবরিয়া উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
টঙ্গী (গাজীপুর) : টঙ্গীর শিলমুন বাজার এলাকায় অজ্ঞাত (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল টঙ্গী-কালীগঞ্জ সড়কের টিএন্ডটি বাজার এলাকায় রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আনোয়ারুল করিম আজাদ (৬১) নিহত হয়েছেন। গতকাল মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরাতন রোডের পুষ্টকামুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মির্জাপুর উপজেলার ৮ নম্বর ভাদগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের বাসিন্দা।
