বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে প্রচারণাকালে গতকাল বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে করোনা ভাইরাস রোগী নেই। সরকার করোনা আতঙ্ক ছড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এদেশ সফরে আসতে দেয়নি। কারণ মোদি ভারতে হত্যা নির্যাতন চালাচ্ছেন। এর ফলে দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ নিরসনে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে করোনা ভাইরাস আতঙ্ক ছড়ানো হয়েছে। যদি করোনা ভাইরাস থাকে তাহলে নির্বাচন বন্ধ করা হচ্ছে না কেন? মূলত ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায় সে জন্য তাদের মধ্যে ভীতি সৃষ্টি করে নৌকার প্রার্থী জিতিয়ে আনতে সরকার নীল নকশা করছে। তিনি গতকাল বিএনপি প্রার্থীর ধানের শীষের সমর্থনে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দি গ্রামের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিএনপি প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকিরও বক্তব্য দেন। জোড়গাছা ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা জয়নাল আবেদীন চান প্রমুখ। এদিকে গতকাল আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলায় প্রচারণা চালিয়েছেন।
