নবীনগরে বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তীর

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০০:৩১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্যে দূষিত হচ্ছে তিতাস ও বুড়ি নদী। ময়লার তীব্র দুর্গন্ধ এসব এলাকার পরিবেশসহ নদীর পানির দূষিত হচ্ছে। আর ময়লা-আবর্জনায় আগুন লাগানোর কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে নদীর তীর সংলগ্ন সদর রোডসহ আশেপাশের এলাকা। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নবীনগর পৌরসভাস্থ তিতাস ও বুড়ি নদীর তীরের একাধিক স্থানে নবীনগর বাজারের ও পৌরসভাস্থ বাসা-বাড়ির বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তীর। বিশেষ করে মাঝিকাড়া ব্রিজ, মনুবাবুর ঘাট, মাঝিকাড়া নৌকাঘাট, বড় মঠের ঘাট, থানা ঘাট, ফলবাজার ঘাট, লঞ্চঘাট, স্পিডবোট ঘাট, হাসান শাহ মাজার ঘাটসহ একাধিক স্থানে বর্জ্যের স্তূপ জমে উঠেছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এ থেকে সুবিধা নিচ্ছে। ময়লা-আবর্জনায় ভরাট হওয়া নদীর তীর দখল করে তারা গড়ে তুলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। 

মঠের ঘাট সংলগ্ন ব্যবসায়ী মাইনুউদ্দিন জানান, বাজারের বেশির ভাগ ময়লা-আবর্জনা এনে নদীর তীরে ফেলার কারণে বন্ধ হয়ে যাচ্ছে পয়-নিষ্কাশনের নালাগুলো। এতে ড্রেনের ময়লা পানি ছড়িয়ে পড়ছে। নৌকা দিয়ে যাতায়াত করা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

মাঝিকাড়া ব্রিজ সংলগ্ন ব্যবসায়ী কবির মিয়া জানান, ময়লা-আবর্জনার স্তূপের দুর্গন্ধে দোকানে বসে থাকা দায়। তাছাড়া তারা যখন আগুন লাগিয়ে দেয় তখন তো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় রাস্তা-ঘাট, দোকানপাট।

এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব সংকর দাস জানান, ইতোমধ্যে নবীনগর পৌরসভার ময়লা-আবর্জনার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। ডাম্পিং স্টেশন তৈরি করা হলে আবর্জনার সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করি।

ইত্তেফাক/জেডএইচডি