হাবীবুল্লাহ সিরাজী
তিনি বাংলাদেশের কথা ব’লবেন।
সব পথ মিলেছে এ মাঠে
রৌদ্র ও বাতাস দেখে মানুষের ঢল
রক্তের ভেতর থেকে উঠে আসা ঘামের মিছিল
পাল্লা খোলা বজ্রকণ্ঠে মাটির দলিল।
নুন ব’লেছিলো চাই, কাঁটাও ব’লেছে চাই
মেঘ ব’লেছিলো চাই, টিয়া বলে চাই
সূর্যের গন্ধের মতো মার্চ বলে চাই
তিনি ব’ললেন তাই (আমাদের স্বাধীনতা চাই)।
আস্তিনের ঝুল আর স্যান্ডেলের ফিতে
পাইপের ডাঁটি ছুঁয়ে চশমার কাচ
গাঢ় হ’লে ঘন হ’লে বঙ্গবন্ধু হয়
নামে-নামে ধূলিকণা বাংলাদেশ কয়।
সাড়ে সাত কোটি ছিলো
ভূগোলের ছাপ ছিলো, ছিলো বাংলা ভাষা
লালনের মর্ম ছিলো, রবীন্দ্রনাথের পলি
ছিলো বঙ্গোপসাগরে ধোয়া স্বপ্নশস্যবীজ।
তিনি বাংলাদেশের কথা ব’ললেন।
