হাজার বছর

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:২০

মাকিদ হায়দার

 

ভোরের কুয়াশা শোভন বাতাস

রোদের সকাল মাঠের ফসল

সকলেই সুখে থাক,

                সুখে থাক যেজন আছেন মাটির আদরে

                যিনি আছেন ঘুমিয়ে ঝরাপাতাদের

                স্নেহ মমতায়।

শঙ্খ ধ্বনির আপন আনন্দে, রাখালের বাঁশির সুরে

ছুটে যাওয়া রেল গাড়ির হুইসেল,

ঘুমন্ত কিম্বা জাগ্রত ইস্টিশন

ঈশ্বরদী প্ল্যাটফর্ম,

বৃটিশের হার্ডিঞ্জ ব্রিজ

সকলেই সুখে থাক।

 

সুখে থাক বঙ্গবন্ধু সেতু, যমুনার চর

পদ্মার ইলিশ, মাঝি আর মাল্লার নদী পারাপার

নদী জলে ভেসে থাকা হাঁস

আমি যদি কোনদিন যেতে পারি,

টুঙ্গিপাড়ায় খোকাদের বাড়ি, সার্থক সেদিন আমি।

যদি সেই খোকা লোকটির চরণ দুখানি

ছুঁয়ে দিতে পারি,

যাব মধুমতী নদী সাঁতরিয়ে

ফিরে এসে লিখব তুখিন, দেয়ালে, দেয়ালে,

গাছের পাতায়। আকাশের তারায় তারায়

সুখে থেকো—খোকা আমাদের

বাঙ্গালীর হূদ্পুরে

হাজার বছর