ছোটপর্দায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজন

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:০৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। মুজিববর্ষ উদযাপনে প্রায় ১ বছরের প্রস্তুতি চলছে। সেই অপেক্ষা শেষ হলো। আজ প্রথম প্রহর থেকে মুজিববর্ষ শুরু হলেও রাত ৮টায় আতশবাজির মাধ্যমে এর সূচনা উদযাপন করা হবে। বিশেষ এই দিনকে কেন্দ্র করে ছোটপর্দায় দিনব্যাপী প্রচারিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন আয়োজন—

‘মৃত্যুঞ্জয়ী মুজিব’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং মুজিববর্ষ উপলক্ষে চ্যানেল আই স্বাধীনতার মাস মার্চজুড়ে প্রচার করছে বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে একটি অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নিয়েছেন মোস্তফা মনোয়ার। অনুষ্ঠানটির উপস্থাপক নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার রাজনৈতিক সঙ্গীদের মধ্যে জীবিত কিংবদন্তীদের কাছ থেকে মুজিব সম্পর্কে স্মৃতিচারণ, ওই সময়ের প্রেক্ষাপট এবং তার পারিবারিক বিষয় এই প্রজন্মের জন্য তুলে ধরা হবে মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে।’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনাও করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং পরিচালনা করেছেন জামাল রেজা। এটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

 

‘শতবর্ষে বঙ্গবন্ধু’

একুশে টিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শতবর্ষে বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ছিল আন্দোলন ও সংগ্রামের। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন আদর্শ পিতা, পরিচিতজনদের কাছে ছিলেন বন্ধুসুলভ একজন মানুষ। সংস্কৃতিমনা বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও কর্মময় জীবন নিয়ে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘শতবর্ষে বঙ্গবন্ধু’। ইসরাফিল শাহীন ও বাবুল আক্তারের যৌথ প্রযোজনা এবং সৌমিত্র শেখরের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন সৈয়দ হাসান ইমাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও অনিমা রায়।

 

‘ইতিহাসের মহানায়ক’

বাংলাভিশনে প্রচার হবে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের মহানায়ক’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মহানায়কের জীবন ছিল সংগ্রামমুখর, ছিল নানা ঘাত-প্রতিঘাত। কেমন ছিল বাঙালির এই মহানায়কের শুরুর জীবন? শৈশব, শিক্ষা, আন্দোলন আর রাজনীতিতে তার উত্থান নিয়ে বিশেষ এই অনুষ্ঠানে ৬টি পর্বে সঞ্চালকের সঙ্গে বিশিষ্ট অতিথিরা আলোচনা করেছেন। ৬ষ্ঠ ও শেষ পর্বটির বিষয় ‘সশস্ত্র বাহিনীর পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান’। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্নেল মো. শওকত ওসমান, এএফডব্লিউসি, পিএসসি, কমডোর আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এএফডব্লিউসি ও এয়ার কমডোর মো. আবু রায়হান, জিইউপি, পিএসসি। অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

‘শতবর্ষ’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে টকশো ‘শতবর্ষ’। কেরামত উল্লাহ বিপ্লবের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। অতিথি হিসেবে রয়েছে জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন আলোচনা উঠে এসেছে।

এটিএন বাংলার আরও আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘প্রজন্মে মুজিব আদর্শ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নজিবুর রহমান ছোটন ও তানজিলা আক্তার মিম। ছোটদের অনুষ্ঠান ‘আজ তোমার জন্মদিন’ প্রচার হবে ১১টায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ছোটদের অনুষ্ঠান ‘শততম জন্মদিন’। জ. ই. মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনা এবং লানা খানের পরিচালনায় অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘মহানায়কের বজ্রকণ্ঠ’ প্রচার হবে দুপুর ১টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। এছাড়া ‘জীবন ঢুলী’ সিনেমাটি প্রচার হবে বিকেল ৩টা ৫০ মিনিটে।