‘লিভারপুলকে শিরোপা দেওয়া অন্যায্য হবে’

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১৭

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের করাল গ্রাসে চলতি মৌসুমের ইউরোপীয় ফুটবল পড়ে গেছে ধোঁয়াশায়। মৌসুম যদি অগত্যা শেষ নাই করা যায় তবে পরবর্তী পদক্ষেপ কী এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সম্ভাবনা আছে এখন পর্যন্ত পয়েন্ট টেবিল বিচারে শিরোপা লিভারপুলকে দিয়ে দেওয়ার। তবে প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়েরার মনে করেন, সেটা হলে অন্যদের প্রতি অন্যায্য আচরণ করা হবে।

চলতি মৌসুমের আরো বাকি ৯ ম্যাচ। এ পর্যায়ে লিভারপুল দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ২৫ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে। পুরো মৌসুমের খেলা হলে অলরেডদের শিরোপা জেতাটা খুব সম্ভবই ছিল। তবে মৌসুম শেষ না হলে সেটা পড়ে যাবে শঙ্কায়।

কারণ অবনমন অঞ্চলে চলছিল সেয়ানে সেয়ানে লড়াই। লিগের ১৫ থেকে ১৭ এই তিন অবস্থানে থাকা ওয়েস্টহ্যাম, ওয়াটফোর্ড ও বোর্নমাউথের সংগ্রহ ২৭ পয়েন্ট। ১৯ আর ২০তম অবস্থানে থাকা অ্যাস্টন ভিলা আর নরউইচ সিটির সংগ্রহ ২৫ আর ২১ পয়েন্ট। ৩৮ ম্যাচদিবসে মৌসুম শেষ হলে নাটুকে কিছুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সে কারণেই রব উঠছে মৌসুমটাকেই পুরোপুরি বাতিল ঘোষণার। যে দাবিটা প্রথম তুলেছিলেন ওয়েস্টহ্যাম ভাইস চেয়ারম্যান ক্যারেন ব্র্যান্ডি।

লিভারপুলকে শিরোপা দেওয়ার বিপক্ষে শিয়েরারের যুক্তিটা হচ্ছে, কোচ য়ুর্গেন ক্লপের দল এখনো শিরোপা জেতার মতো যথেষ্ট পয়েন্ট জেতেনি। দ্য সানে নিজের কলামে তিনি লেখেন, ‘মৌসুম শেষ না হলে আপনি বিজয়ী কিংবা বিজিত কে সেটা নির্ধারণ করতে পারেন না, এটা অনেক বিশাল ব্যাপার। মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ই যদি একমাত্র ফল হয় সেটা অনেক ক্লাবের ওপরই খুব কঠিন সিদ্ধান্ত হয়ে যাবে।’

শিয়েরারের মতে, অসমাপ্ত মৌসুমে শিরোপা জয়টা লিভারপুলের জন্যেও অন্যায্যই হবে। সাবেক নিউক্যাসল ফরোয়ার্ডের ভাষ্য, ‘যদি সূচি শেষ করতে না পারেন তাহলে কাউকে শিরোপা দিয়ে দেওয়া কিংবা অবনমিত করে দেওয়ার কাজটাও করতে পারেন না আপনি। লিভারপুলের জন্যে ব্যাপারটা অবিশ্বাস্যরকম কঠিন হবে কিন্তু তাদের শিরোপা দিয়ে দেওয়াটাও কী করে ন্যায় প্রতিষ্ঠা করবে সেটাও বুঝতে পারছি না আমি; যদিও তাদের ধরার মতো কোনো দলই নেই এখন।’

লিভারপুলের শিরোপা কাগজে-কলমে নিশ্চিত হয়নি বলেই মৌসুমটাকে বাতিল করার পক্ষে শিয়েরার, ‘তাদের কেবল ছয়টা পয়েন্ট প্রয়োজন কিন্তু তারা এখনো সেটা অর্জন করেনি। আর তাই মৌসুমটাকে পুরোপুরি বাতিল করে দেওয়ার যথেষ্ট কারণই আছে।’

তবে লিভারপুল কিংবদন্তী কেনি ডালগ্লিশ আবার কিছুটা বাড়তি সময় নিয়ে মৌসুম শেষ করার পক্ষপাতি। সানডে পোস্ট পত্রিকায় নিজের কলামে তিনি লিখেন, ‘আমার প্রথম চিন্তাটা হচ্ছে মৌসুমটাকে শেষ করার জন্যে যথেষ্ট সময় নিতে হবে আমাদের। তার জন্যে যদি আসছে মে কিংবা জুন মাসে প্রতি দুই দিনে একটা ম্যাচ খেলতে হয় তাহলেও।’

তিনি আরো যোগ করেন, ‘এটা মোটেও আদর্শ কিছু নয় কিন্তু তাহলে প্রত্যেকটা ক্লাবই সমান সুযোগ পাবে। তার পরও ২০১৯-২০ মৌসুমটাকে পুরোপুরি বাতিল করা উচিত নয়।’