মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে যাওয়ায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে তাকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। তিনি বলেন, কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে বাইরে যাওয়ায় ঐ সৌদি প্রবাসীকে জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ৩০০ জন হোম কোয়ারেন্টাইনে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিদেশফেরত ৩০০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
মহেশপুর ও কোটচাঁদপুরে আরো ৩৭ জন হোম কোয়ারেন্টাইনে
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় সোমবার নতুন করে আরো ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য জানান। সিভিল সার্জন আরো জানান, এপর্যন্ত মোট ১৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
খুলনায় আট জন হোম কোয়ারেন্টাইনে
খুলনা অফিস জানায়, খুলনায় বিদেশফেরত আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সম্প্রতি ছয় জন ভারত, সিঙ্গাপুর, ওমান ও ইতালি থেকে দেশে ফিরেছেন। এছাড়া বাকি দুই জন স্থানীয়। সোমবার দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
চবির হলে ইতালিফেরত যুবকসহ ছয় জন কোয়ারেন্টাইনে
চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে ইতালিফেরত এক যুবকসহ ছয় জনকে উদ্ধার করে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রক্টরিয়াল বডি। রবিবার দিবাগত রাত ২টায় তাদের উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
মাগুরায় বিদেশফেরত ১৮ জন হোম কোয়ারেন্টাইনে
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় ইতালি, বাহারাইন ও সিঙ্গাপুরফেরত ১৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার বিকালে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
গাইবান্ধায় আরো আট জন হোম কোয়ারেন্টাইনে
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় বিদেশফেরত আরো আট জনকে রবিবার থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ এ তথ্য জানান।
কোটালীপাড়ায় ৯ জন হোম কোয়ারেন্টাইনে
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরে আসা ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. শামছুল আলম এ তথ্য জানিয়েছেন।
সৈয়দপুরে ইতালিফেরত দুই জন হোম কোয়ারেন্টাইনে
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, ইতালিফেরত দুই জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোমবার জানান, ইতালিফেরত দুই ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে।
আশুগঞ্জে বিদেশফেরত দুই জন হোম কোয়ারেন্টাইনে
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই ইতালিফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
কমলগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৯ জন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে বিদেশফেরত ৯ প্রবাসীকে সোমবার হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া এ তথ্য জানান।
ফেনীতে ১১৬ জন হোম কোয়ারেন্টাইনে
পরশুরাম সংবাদদাতা জানান, ফেনীতে ২২ জন বিদেশফেরতসহ ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৯৪ জন ঐ ২২ বিদেশফেরত ব্যক্তিদের পরিবারের সদস্য। ফেনী জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
কুলাউড়ায় দুই জন হোম কোয়ারেন্টাইনে
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নে দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করলে জেল-জরিমানা করা হবে।
নড়াইলে ১১জন হোম কোয়ারেন্টাইনে
নড়াইল প্রতিনিধি জানান, চীন, ইতালি, দুবাই, মালয়েশিয়া ও ভারত থেকে আসা ১১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান, নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন।
