সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:২৩

বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জে সোমবার বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে শহরের বিহার পয়েন্টে এই অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান এমপি।

হাম-রুবেলা ক্যাম্পেইনের লক্ষ্যে সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে সোমবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনায়েতুল্লাহ নাজীম।

পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাস্ক বিতরণ

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’-এর উদ্যোগে সোমবার ৫০০ শিক্ষার্থীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক মা সমাবেশ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের খাস-পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে গুণগত ও শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আনছার আলী সভাপতিত্ব করেন।

দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে কোটালীপাড়ার উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে সোমবার দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বিদ্যালয়টির মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সভাপতিত্ব করেন।

বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত আগৈলঝাড়া

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ডে ছেয়ে গেছে উপজেলা সদরসহ প্রত্যন্ত এলাকা।

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।

কাঠালিয়ায় ডিজিটাল সেমিনার

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্ব করেন।

ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের মহেশপাড়া গ্রামে সোমবার ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আব্দুল্লাহ (২)। এলাকাবাসী জানান, শিশুটির মা বাড়ির উঠানে বেঁধে রাখা গরুকে খাবার দিচ্ছিলেন। এমন সময় আব্দুল্লাহ সবার অজান্তে পাশের ডোবার পানিতে পড়ে মারা যায়।

স্বেচ্ছায় রক্তদান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার 

নোয়াখালী প্রতিনিধি রেডক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে সোমবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়েছে। রেডক্রিসেন্ট ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থায় জাতীয় নির্বাহী বোর্ড সদস্য ও জেলা ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এ সময় জেলা ইউনিট কর্মকর্তা এম এ করিমসহ যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে জেলা পুলিশ লাইন্সে সদ্য যোগদান করা পুলিশ কনস্টেবলদের অভিষেক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দিয়েছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।