ভারতে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো এইচআইভি সংক্রমিত রক্ত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

ভারতের তামিলনাডু রাজ্যে অন্তঃসত্ত্বা এক নারীর শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত দেওয়ার ঘটনা ঘটেছে। চেন্নাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে ভিরুধুনাগর জেলার একটি সরকারি হাসপাতালে রক্ত দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে খবর এনডিটিভির।

মারাত্মক এ অবহেলার দায়ে সরকারিভাবে পরিচালিত একটি ব্লাড ব্যাংকের তিন ল্যাব টেকনিশিয়ানকে বরখাস্ত করা হয়েছে। দুই বছর আগে এক রক্তদাতা রক্ত দেওয়ার পর তার এইচআইভি পজিটিভ বলে ধরা পড়েছিল, কিন্তু তারা ওই রক্তদাতাকে তা জানাতে ও এ বিষয়ে রেকর্ড সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছিলেন বলে অভিযোগ। ২৪ বছর বয়সী ওই নারী ও তার স্বামীকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার, কিন্তু তারা ব্যক্তিগতভাবে চিকিত্সা করবেন জানিয়ে এ বিষয়ে সরকারের সাহায্য চেয়েছেন। সম্প্রতি নিকটবর্তী শহর সিভাকাসিতে সরকারি ব্লাড ব্যাংকের টেকনিশিয়ানরা ওই এইচআইভি পজিটিভ তরুণের রক্ত পরীক্ষায় কোনো সমস্যা পাননি। ৩ ডিসেম্বর ওই তরুণের রক্ত অন্তঃসত্ত্বা ওই নারীকে দেওয়া হয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে বিদেশে চাকরির উদ্দেশ্যে আবেদন করা ওই তরুণের রক্ত পরীক্ষা করা হয়। বেসরকারি একটি ল্যাবরেটরিতে করা এই পরীক্ষায় ওই তরুণের রক্তে এইচআইভির উপস্থিতি ধরা পড়ে। নিজের রক্তে এইচআইভির উপস্থিতি জানার পর ওই তরুণ সেই সরকারি হাসপাতালকে তা অবহিত করে, কিন্তু এরইমধ্যে তার রক্ত ওই নারীর শরীরে দেওয়া হয়ে গেছে।