ঐক্যবদ্ধ থাকলে মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা সফল হয় -----আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২১:১৮

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকলে মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা সফল হয়। ৩৬ বছর যাবত্ মানুষের মাঝে আমরা বলে এসেছি প্রশাসনের সঙ্গে এলাকাবাসী তথা জনপ্রতিনিধিদের সুসম্পর্ক থাকলে সেখানে কাঙ্ক্ষিত উন্নয়নসাধন করা সহজ হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা ওই এলাকার প্রতি সহানুভূতিশীল থাকেন। তিনি গতকাল সোমবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও কাউখালী উপজেলা সদরে দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।                আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আমরা আজ পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছি—এ কথা  বলতে পারবেন না।  সরকারি কর্মচারীদের যদি নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে রাজনৈতিক প্রভাবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু সেটি অবশ্যই অনভিপ্রেত। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভান্ডারিয়ার ওপর আল্লাহর রহমত আছে বলেই আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছি। কোনো ভয়ভীতিকে প্রশ্রয় না দিয়ে নির্ভয়ে বুকে সাহস রেখে কাজ করে যাবেন। অবকাঠামো নির্মাণ হলো উন্নয়নের পূর্বশর্ত, কোনো অসুবিধা হলে জানাবেন।

সবাইকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আত্মনিয়োগ করার আহবান জানিয়ে তিনি বলেন, এখানকার মানুষ কর্মকর্তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বিধায় তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারছেন। তিনি আরো বলেন, যেহেতু আমাদের এলাকাটি লবণাক্ত, সেহেতু এ এলাকায় লবণাক্ত পানি ব্যবহার না করতে হয় তার জন্য পৌরসভাসহ সব ইউনিয়নে বিশুদ্ধ পানি পান করার জন্য পানির প্লান্টের ব্যবস্থা করা হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন অডিটরিয়ামে মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।  সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সঞ্চালনায় উপজেলার চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসার মো. জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সত্তার খান, সাবেক সদর ইউপি  চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ও থানার ওসি এস. এম মাকসুদুর রহমান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানদের মধ্যে নদমূলা-শিয়ালকাঠির শফিকুল কবির তালুকদার বাবুল, ভিটাবাড়িয়ার খান এনামুল কবির পান্না, তেলিখালীর মো. শামসুদ্দিন হাওলাদার, গৌরপুরের মজিবুর রহমান চৌধুরী, ইকড়ির হুমায়ুন কবির প্রমুখ।

পরে আনোয়ার হোসেন মঞ্জু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। তিনি গতকাল সোমবার রাতে কাউখালী উপজেলা সদরে একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, যেখানকার পরিবেশ-পরিস্থিতি নির্ঝঞ্ঝাট, শান্তিপূর্ণ তথা সুশৃঙ্খল থাকে সেখানে বেশি বেশি কাজ হয়। আর উন্নয়ন প্রশ্নে মতবিরোধ বা বহুমত বিরাজমান থাকলে সে এলাকায় কাজ কম হয়। চলমান বা গৃহীত কাজের প্রশ্নে যুক্তিপূর্ণ দাবির বদলে আন্দোলন করে কাজ আদায় করার চেষ্টা অনভিপ্রেত। কাজে বাধা সৃষ্টি করলে উন্নয়ন ব্যাহত হয়। কাউখালীতে দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্মাণকাজ প্রভাবশালীদের অবহেলা, খামখেয়ালি ও সদিচ্ছার অভাবে স্থবির অবস্থায় পড়ে আছে। যে কারণে উপজেলার মানুষ হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি থেকে যথাযথ সুবিধা পাচ্ছেন না। এক্ষেত্রে হাসপাতালের কাজ কেন বন্ধ হয়ে আছে তা নিয়ে এলাকাবাসী সোচ্চার হন না, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, ‘আমি যখন প্রথমে কাউখালীতে আসি তখন আমার ধারণা ছিল—এ এলাকার মানুষ অনেক গঠনমুখী। এখানে বড়ো বড়ো কর্মকর্তা থাকলেও তার সুফল জনগণ পায়নি। ৩৬ বছর ধরে আল্লাহর রহমতে অনেক উন্নয়নকাজ করার চেষ্টা করেছি। এলাকাবাসী এক থাকলে মানুষের উন্নয়ন হবেই। পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। কাউখালী উপজেলা শহরে সৌন্দর্য বর্ধনের জন্য একটি চত্বর করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় আল্লাহর রহমতে সম্পন্ন হবেই।’     

কাউখালী সদরে ইউজেডআর ডাকবাংলা থেকে কাউখালী-স্বরূপকাঠি আরএইচডি শ্রীগুরু আশ্রম গেট ভায়া উজিয়ালখা সড়কে ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ (কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে) নির্মাণের ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহিদ বক্তব্য রাখেন। এ সময় মঞ্চে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মত খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে সদরের আমিনুর রশীদ মিল্টন, শিয়ালকাঠির সিকদার মো. দেলোয়ার, চিড়াপাড়ার মাহমুদ খান খোকন, আমরাজুড়ির শেখ শামসুদ্দোহা চাঁদ, সয়না-রঘুনাথপুরের এলিজা সাইদ, জেলা পরিষদ সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতী, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার বিকালে কাউখালী উপজেলায় স্থানীয় সরকার বিভাগের কয়েকটি আরসিসি গার্ডার ব্রিজ এবং সড়ক ও ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। এগুলো হচ্ছে শিয়ালকাঠি ইউপি অফিস থেকে তালুকদারহাট সড়কে ২১ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ, শিয়ালকাঠি ইউপি অফিস থেকে (আরএইচডি) পাঙ্গাসিয়া জিসি (ফুটব্রিজ) সড়কে ৩৭ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ, কাউখালী-ভাণ্ডারিয়া আরএইচডি (পারসাতুরিয়া সালেকিয়া মাদ্রাসা) পিরোজপুর-ঝালকাঠি আরএইচডি ভায়া পারসাতুরিয়া জিপিএইচ সড়কে ১৮ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ, চিড়াপাড়া থেকে সুবিদপুর সড়কে ১০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ এবং চিড়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে নান্নু মেম্বারের বাড়ি থেকে চিড়াপাড়া পাঙ্গাসিয়া সড়ক ভায়া কেশরতা জিপিএইচ সড়কে ১০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ। কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি উপজেলা শহর নন-মিউনিসিপ্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আরো যেসব নির্মাণ কাজের উদ্বোধন করেন তা হলো কাউখালী দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার ব্রিজ পর্যন্ত সড়ক এবং ডাকবাংলা থেকে উত্তর বাজার পর্যন্ত ড্রেন নির্মাণ এবং কাউখালী মতুয়া আশ্রম হতে ওয়ারিদ টাওয়ারের সামনে পর্যন্ত সড়ক ও  ড্রেন নির্মাণ, কাউখালী জিসি (উত্তর বাজার পাকা পুল) থেকে কেউন্দিয়া বাজার ভায়া বালিকা বিদ্যালয় কচুয়াকাঠি বেইলি ব্রিজ সড়কে ১০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ, পূর্ব আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জয়কূল আরএইচডি থেকে বিড়ালজুড়ি খেয়াঘাট সড়কে ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ। এসব উন্নয়নকাজের উদ্বোধন শেষে আনোয়ার হোসেন মঞ্জু  দোয়া ও মোনাজাত করেন।