ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে শহর ছাত্রলীগের সভাপতিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ১টায় শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগের ঝামেলা মীমাংসার জন্য মেড্ডা বাসস্ট্যান্ড এলাকার মেডিনোভা হাসপাতালের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহসহ এলাকার লোকজন সালিশে বসে। একপর্যায়ে রবিউল হোসেন রুবেল সভাস্থল ত্যাগ করেন। সভাপতির অনুসারীরা সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি ও অশোভন আচরণ শুরু করে। তাত্ক্ষণিক সাবেক সভাপতি মাসুম বিল্লাহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে মেড্ডা এলাকার শাহজাদা ও সজীব পিস্তল উঁচিয়ে শহর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাদের সঙ্গে অন্যরা আরো তিন-চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম জানান, বিষয়টি শুনেছি, তবে অভিযোগ জমা পড়েনি। ছাত্রলীগের দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে। তদন্ত করে ব্যবস্থা নেব।
