এলপিজির খুচরা মূল্য নির্ধারণে কমিটি

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০০:২৭

তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা মূল্য নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। আদালতের নির্দেশনা অনুসারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে কমিশন একটি কমিটি গঠন করেছে। খুচরা মূল্য কী প্রক্রিয়ায় নির্ধারিত হবে, তা নিয়ে একটি প্রতিবেদন দিতে কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাজধানীতে সচিবালয়ে বিস্ফোরক পরিদপ্তরের অনলাইনে সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আনিছুর রহমান এ তথ্য জানান। তিনি আরো জানান, সমুদ্রের গ্যাস ব্লক ইজারা দেওয়ার দরপত্র আহ্বানে তপশিল ঘোষণার প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে এটি আবার শুরু করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এলপিজি সিলিন্ডারজনিত বেশির ভাগ দুর্ঘটনা অসাবধানতার জন্য হয়ে থাকে। এসব দুর্ঘটনা হ্রাসে বাংলাদেশে এলপিজি উত্পাদন কোম্পানি, ডিলার ও ব্যবহারকারীদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত। মেয়াদোত্তীর্ণ  সিলিন্ডার দ্রুত চিহ্নত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জুরুল হাফিজ।