পেট্রোল পাম্পের দগ্ধ কর্মচারী মারা গেছেন

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০০:২৮

রাজধানীর মহাখালী এলাকায় পেট্রোল পাম্পে দগ্ধ হয়ে এক কর্মচারী চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম বাহাদুর হোসেন ব্যাপারী (২৬)। এছাড়া মৌচাক এলাকার পাবনা কলোনিতে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে রাশেদুল ইসলাম (২৭) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত বাহাদুরের প্রতিবেশী মো. আল-আমিন জানান, কয়েক বছর ধরে বাহাদুর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের সামনে অবস্থিত ‘ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনে’ চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে সেখানে ডিউটিরত অবস্থায় পাম্পে আগুন লাগে। এতে বাহাদুর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে বার্ন ইউনিটে তিনি মারা যান। বাহাদুর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চান ব্যাপারীর ছেলে। তিনি রাজধানীর  তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় থাকতেন।