গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৬:০২

যশোর সদর উপজেলার রাজাপুরে গাছের সঙ্গে মোটরসাইলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সবুজ হোসেন (২১)।

আরো পড়ুন: চীনের করোনা জয়, নতুন আক্রান্ত একজন

আহতের স্বজনরা জানান, সোমবার মোটরসাইকেল তারা দুই বন্ধু বেড়াতে যান। রাত ১০টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করে। রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে পৌঁছালে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় তারা দুজন ঘটনাস্থলেই মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইছালী ফাঁড়ি পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

ইত্তেফাক/এএএম