দশের লাঠি একের বোঝা

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২১:২৯

আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। বায়ুতে আছে অক্সিজেন যেটা আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য  উপাদান। এই অক্সিজেনকে বিশুদ্ধ রাখার দায়িত্ব আমাদের। আমরা প্রতিনিয়ত বুঝে না বুঝে আমাদের চারপাশের পরিবেশকে দূষিত করে ফেলি। যেমন আমরা খাবার খেয়ে খাবারের ঠোঙাগুলো নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ফেলি। এছাড়াও বাদামের খোসা, পলিথিন ও অন্যান্য আবর্জনা আমাদের চারপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। আমরা বিভিন্ন দিবস যেমন বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পর্যটক দিবস ইত্যাদি দিবসগুলোতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে থাকি। যখন কোনো নির্দিষ্ট দিনে এই কর্মসূচি পালন করা হয় তখন শুধু সেইদিনের জন্য পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিছুদিন পরে সেটা আবার আগের অবস্থানে ফিরে আসে। যখন নির্দিষ্ট দিবসগুলোতে কিছুসংখ্যক মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব পালন করে থাকে তখন তাদের জন্য কাজটি করা কঠিন হয়ে পড়ে। আমরা যদি নিজেদের দ্বারা সৃষ্ট ময়লা-আর্বজনা নিজ দায়িত্বে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি তাহলে আমাদের পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠবে। তাই আমাদের প্রত্যেকেরই নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত।

তমালিকা খাতুন

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া