করোনা ভাইরাস সংক্রমণ
স্পোর্টস ডেস্ক
এসকিয়েল গ্যারাই, এলিয়াকুইম মাঙ্গালা ও হোসে গায়ার পর এবার দলের ৩৫ শতাংশ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ। এজন্য এক আনুষ্ঠানিক বিবৃতিতে গত ২০ ফেব্রুয়ারি মিলানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলাকেই দায়ী করছে ক্লাবটি।
স্প্যানিশ ক্লাবটি গত সোমবার রাতে দলের ৩৫ শতাংশ কোচিং স্টাফ আর খেলোয়াড়দের করোনা-আক্রান্ত হওয়ার ব্যাপারটি জানায়। তাদের সবাইকেই বর্তমানে চিকিত্সার আওতায় আনা হয়েছে। আর দলের বাকি সবাইকে নিয়ে যাওয়া হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ব্যক্তিগত অনুশীলনের নির্দেশনা দেয়া হয়েছে সবাইকে।
ভ্যালেন্সিয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতালান্তার বিপক্ষে তাদেরই মাঠে ৪-১ গোলে হেরে এসেছিল । এর দুদিন পরেই ইতালীয় সরকার জায়গাটিকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে ভ্যালেন্সিয়ার প্রতিটি খেলোয়াড়ই ছিলেন কড়া নজরদারিতে। তার ফলেই হয়তো আক্রান্তের সংখ্যা কিছুটা কমাতে পেরেছে ভ্যালেন্সিয়া।
ক্লাবের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে ভ্যালেন্সিয়া জানায়, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৯ ফেব্রুয়ারি মিলানে খেলেছিলাম আমরা, যে জায়গাটিকে ইতালীয় কর্তৃপক্ষ কয়েক দিন পরই ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে। এরপর থেকে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম আমরা। স্কোয়াডের সবাইকে কাজের পরিবেশ ও জনসমাগমস্থল থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তারপরও সাম্প্রতিক ফলাফলে দেখা গেছে সেই খেলাটা স্কোয়াডের ৩৫ শতাংশ সদস্যকে আক্রান্ত করেছে।’গত রবিবার রাতে ক্লাবটি পাঁচজনের করোনায়-আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছিল। তবে এদের সবাই বর্তমানে সুস্থই আছেন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন। পরীক্ষার আগেও অবশ্য এদের কারো কোনো চিহ্ন প্রকাশ পায়নি। বরং ফলাফলে কয়েকজন চমকেও গিয়েছিলেন। ক্লাবটির ধারণা, ১৯ ফেব্রুয়ারি ও ১০ মার্চ আতালান্তার বিপক্ষে দুই লেগ কিংবা ৬ মার্চ আলাভেসের বিপক্ষে ম্যাচে স্কোয়াডের কেউ করোনার সংস্পর্শে এসেছিলেন।
