ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ক্ষণজন্মা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতির গর্ব। পৃথিবী যত দিন থাকবে আমরা বাংলাদেশিরা গর্ব করে অহংকারের সঙ্গে বলতে পারব, আমরা শেখ মুজিবের হাতে গড়া বাংলাদেশের নাগরিক। বঙ্গবন্ধুর শেখ মুজিব ও তার কন্যার অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এমপি নিক্সন চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘যার ঘর নেই তাকে ঘর করে দেওয়া হবে’ প্রকল্পের আওতায় গৃহহীনদের হাতে নতুন ঘরের চাবি ও জায়গার দলিল তুলে দেন। এ সময় এমপি নিক্সন চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে বর্তমান সময়ের সবচেয়ে বড়ো সমস্যা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হওয়াসহ মহান আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা প্রধান প্রকৌশলী আবদুল মালেক প্রমুখ।
