যশোর অফিস
মনিরামপুরে ইকলাস হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে যশোর-রাজগঞ্জ সড়কের পলাশী মোড়সংলগ্ন জামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। পাঁচ বছর বয়স থেকে তিনি যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন ঘটনাস্থলে যান। কী কারণে ইকলাস খুন হয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন বলেন, নিহত ইকলাসের কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খুনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
